নারায়ণগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থেকে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মগঞ্জ এলাকা থেকে শুক্রবার সকালে কনস্টেবল (নম্বর ১৫৫৪৩) ফখরুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিকশা এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেলকে গ্রেপ্তারের সময় দুই সহযোগী পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম এবং সোর্স সাইফুল পালিয়ে যায়।
এ সময় ছিনতাই করে আনা একটি সিএনজি অটোরিকশা, একটি মোবাইল ফোন সেট এবং নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি মতিন আরো জানান, কনস্টেবল সোহেল এর আগে নারায়ণগঞ্জে পুলিশ লাইনে কর্মরত ছিল। বিভিন্ন স্থানে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে কয়েক মাস আগে তাকে রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়।
গত এক মাস তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তখনও বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়া যায়।
কনস্টেবল ফখরুল ইসলাম সোহেল ও আরিফুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর কোম্পানি এসএফ’র সদস্য বলেও তিনি জানান।
এ ঘটনায় উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশার মালিক জুয়েল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৭ ঘ.
bdnews24