২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকের দাম ‘কমছে’, বাড়ছে ‘ব্যবহার’

বাংলাদেশের ‘ত্র“টিপূর্ণ শুল্ক কাঠামোর’ কারণে ২০০৩ সাল থেকে তামাকজাত পণ্যের দাম ক্রমাগত হারে কমছে বলে বেরিয়ে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ‘ত্র“টিপূর্ণ শুল্ক কাঠামোর’ কারণে ২০০৩ সাল থেকে তামাকজাত পণ্যের দাম ক্রমাগত হারে কমছে বলে বেরিয়ে এসেছে এক গবেষণা প্রতিবেদনে। দাতব্য সংস্থা ব্লুমবার্গ ফিলানথ্রপিসে অর্থ সহায়তায় পরিচালিত এ গবেষণার ফলাফলে দেখা যায়, তামাকজাত পণ্যের দাম কমার সঙ্গে সঙ্গে ধূমপানের প্রবণতা ও তামাকের ব্যবহার ক্রমশ বাড়ছে। তামাকের দাম কমার দাবির ক্ষেত্রে গবেষকদের যুক্তি, সিগারেট ও বিড়িসহ বিভিন্ন তামাকজাত পণ্যের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কর আরোপ করা হলেও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রাখা হয়নি। ফলে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে তামাকজাত পণ্যের ব্যবহারও বাড়ছে। এ কারণে আগামী বাজেটে প্রতি ১০টি সিগারেটের জন্য ৩৪ টাকা এবং ২৫টি বিড়ির জন্য ৪ টাকা ৯৫ পয়সা কর বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। গত বৃহস্পতিবার এ গবেষণা প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে এর প্রধান রচয়িতা অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন, “ওই হারে কর আরোপ করা হলে তা ৭০ লাখ সিগারেটসেবী এবং ৩৪ লাখ বিড়িসেবীকে ধূমপান ত্যাগে উৎসাহিত করবে।” সরকার এ নীতি গ্রহণ করলে সিগারেট থেকে বছরে ১ হাজার ৫শ’ কোটি টাকা এবং বিড়ি থেকে ৭২০ কোটি টাকা আয় করা সম্ভব হবে। “তাছাড়া তামাকের বিরূপ প্রভাবজনিত অসুস্থতায় ভুগতে থাকা হাজার হাজার মানুষের প্রাণ বাঁচবে এর ফলে।” আবুল বারাকাত বলেন, তামাকের ব্যবহার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হতে পারে কর বৃদ্ধির মাধ্যমে তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধি করা। “তামাকজাত পণ্যের মূল্য ও এর ব্যবহারের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। সিগারেটের মূল্য গড়ে ১০ শতাংশ বাড়ালে বাংলাদেশে এর ব্যবহার ৫ শতাংশের বেশি কমে যাবে। বিড়ির দাম ১০ শতাংশ বাড়ালে ব্যবহার কমবে ৭ শতাংশ।” রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত সতর্ক করে দেন , এখনই উপযুক্ত পদক্ষেপ না নিলে বাংলাদেশের মানুষের ক্রমবর্ধমান আয় দেশে ধূমপানের প্রবণতা উল্ল্যেখযোগ্য হারে বাড়িয়ে দেবে। অভিযোগ রয়েছে, প্রতি বছর বাজেটে সিগারেটসহ তামাকজাত পণ্যের কর বৃদ্ধি ঠেকাতে নানা ধরনের তদবির চালিয়ে থাকে তামাক শিল্পের প্রতিষ্ঠানগুলো। এ বছর বিভিন্ন তামাকবিরোধী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা তামাক কোম্পানিগুলোর এ আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০১২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০০৩ সালের পর থেকে এ পর্যন্ত সরকার সিগারেটের মূল্য ও অন্যান্য সম্পূরক কর চার স্তরে বাড়িয়ে ৩৬ শতাংশ থেকে ৬০ শতাংশ করেছে। তবে বিড়ির ক্ষেত্রে কর বেড়েছে মাত্র ২০ শতাংশ। তামাকবিরোধী আন্দোলনের কর্মীরা বলছেন, স্তরে স্তরে মূল্য বৃদ্ধি করায় ধূমপায়ীরা বেশি দামের সিগারেট থেকে কম দামি সিগারেটে অভ্যস্ত হয়েছেন, ধূমপান ছাড়েননি। ‘দি ইকোনমিক্স অব টোবাকো অ্যান্ড টোবাকো ট্যাক্সেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটির প্রধান রচয়িতা অধ্যাপক বারকাত জানান, ১৯৯৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশে সিগারেটের ব্যবহার ৫ হাজার ৯০ কোটি থেকে বেড়ে ৭ হাজার ১৪০ কোটি হয়েছে। এই সময়ের মধ্যে বিড়ির ব্যবহার ৪ হাজার ৩০০ কোটি থেকে বেড়ে হয়েছে ৮ হাজার ১০০ কোটি। তামাক শিল্পের প্রতিষ্ঠানগুলো দাবি করে আসছে, তারা সরকারকে ৭ হাজার ৩০০ কোটি টাকা রাজস্ব দিয়ে থাকে। অন্যদিকে অধ্যাপক আবুল বারকাত বলেন, তামাক ব্যবহারের ফলে স্বাস্থ্যখাত ও শ্রমশক্তি হারানোর ক্ষতিসহ প্রায় ১৪ ৭৭০ কোটি টাকা বাড়তি খরচ হয় প্রতি বছর। রাজস্ব হারানোর আশঙ্কায় স¤প্রতি অর্থ মন্ত্রণালয় একটি কঠোর তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের উদ্যোগ পিছিয়ে দিলেও আগামী অর্থবছরের বাজেট পাস হওয়ার পরপরই এ আইন পাস করা সম্ভব হবে বলে প্রতিবেদনটির প্রকাশনা অনুষ্ঠানে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। তিনি বলেন, তামাক ব্যবহারের অর্থনৈতিক দিক এ শিল্পের শক্ত অবস্থানের বিরুদ্ধে ‘নতুন দৃষ্টিভঙ্গি’ তুলে ধরবে। বিশ্বে তামাক উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে ২০তম অবস্থানে। বলা হয়ে থাকে, তামাকের দাম বাংলাদেশেই সবচেয়ে কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/জেকে/০৯১৫ ঘ.