বরিশাল/লালমনিরহাট, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলার ছলে সেতু থেকে লাফিয়ে ট্রলারের নিচে ঢুকে বরিশালে এক শিশু এবং লালমনিরহাটে দোলনার রশি গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আরেক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর পলাশপুর সেতু এলাকায় এবং লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নের টাওয়ারপাড়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
বরিশালে নিহত আট বছরের শিশু জিসান পুরাতন কয়লাঘাট শিশু পার্ক বস্তির বাসিন্দা করাতকল শ্রমিক শুক্কুর হাওলাদারের ছেলে। সে নগরীর হাটখোলা বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ ও মাদ্রাসার ছাত্র ছিল।
আর লালমনিরহাটে নিহত ছয় বছরের শিশু মায়াবী বেগম সাপ্টিবাড়ি ইউনিয়নের টাওয়ারপাড়া গ্রামের ভূমিহীন বেলাল উদ্দিনের মেয়ে।
জিসানের মৃত্যুর ঘটনার প্রত্যক্ষদর্শী নার্গিস নামে এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলাশপুর সেতু থেকে জিসানসহ কয়েকটি শিশু খালের পানিতে লাফিয়ে পড়ে। ওই সময় একটি ট্রলার এসে পড়লে তার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় জিসান।
পরে তল্লাশি চালিয়ে জিসানের লাশ পাওয়া যায়। বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, জিসানের গালে ও মাথায় একাধিক জখমের চিহৃ রয়েছে।
দোলনায় খেলতে গিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মায়াবী মারা যায় বলে জানান আদিতমারী থানার ওসি এ এইচ এম মাহফুজুর রহমান।
স্থানীয়রা জানায়, ঘরের ভিতর দোলনায় খেলতে গিয়ে রশি গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মায়াবী। পরে বাড়ির লোকজন ঘরে এসে দেখতে পায় দোলনার রশিতে ঝুলে আছে মায়াবীর লাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৯ ঘ.
bdnews24