চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- কাগজপত্র জালিয়াতি করে বন্ধ প্রতিষ্ঠানের নামে আমদানি করা এক কন্টেইনার সিনথেটিক ফেব্রিক্স পাচারের সময় আটক করেছে চট্টগ্রাম শুল্ক বিভাগ।
বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের নর্থ কন্টেইনার ইয়ার্ড (এনসিওয়াই) থেকে কভার্ড ভ্যানে করে কন্টেইনারটি নিয়ে যাওয়ার সময় শুল্ক বিভাগের গোয়েন্দা শাখার কর্মকর্তারা তা আটক করে।
বৃহস্পতিবার সকালে ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারটি খুলে এতে ৯ হাজার ৫৩২ কেজি সিনথেটিক ফেব্রিক্স পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমিল্লা ইপিজেডের ১৭ নম্বর প্লটে অবস্থিত স্পিড প্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি এক কন্টেইনার ফেব্রিক্স ভারত থেকে আমদানি করে।
এই প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ এজেন্ট আগ্রাবাদের ওয়াসিফ এন্টারপ্রাইজ।
ওমর ফারুক বলেন, “ওই কারখানায় গত বছরের সেপ্টেম্বর থেকে উৎপাদন বন্ধ আছে। ভুয়া কাগজপত্র দেখিয়ে একটি চক্র এসব পণ্য বন্দর থেকে খালাস করার চেষ্টা করে।”
কন্টেইনার ছাড় করানোর ভুয়া কাগজপত্র দেখিয়ে ২০ লাখ টাকার মতো রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করে চক্রটি, বলেন তিনি।
শুল্ক কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৪৫ ঘ.
bdnews24