গাজীপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার বাসন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে একশ’ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যাব ও গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার রাতে র্যাব-১ ও গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে চালানো এই অভিযানে আলমগীরের স্ত্রী সালমা বেগম (২৩) , রাজশাহী চারঘাট উপজেলার ইছবপুর টাঙ্গন গ্রামের কালাম সরদার (৩৭), লুৎফর রহমান (৪২) ও সুমন সরকারকেও (২০) আটক করা হয়েছে।
বাসন ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম মাকসুদুল আলম জানান, আলমগীর হোসেন বাসন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান জানান, বুধবার রাত ১০টার দিকে র্যাবসহ তাদের সদস্যরা বাড়িয়ালীস্থ আলমগীরের বাড়িতে অভিযান চালায়।
তার ঘর থেকে একশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান জিল্লুর।
বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩০ ঘ.
bdnews24