টাঙ্গাইল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে অস্ত্রসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভার সাড়ে চারটার দিকে ভূঞাপুর উপজেলার বীর রুহুলি গ্রাম থেকে মনিরুল ইসলাম (২৬) ও মো. জহিরুল ইসলামকে (২৯) আটক করা হয়েছে।
মনিরুল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বয়রা মাসুম গ্রামের মো. আজিজুল হকের ছেলে এবং জহিরুল বীর রুহুলি গ্রামের হায়দার আলীর
ছেলে।
র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বীর রুহুলি গ্রামে অভিযান চালিয়ে মনিরুল ও জহিরুলকে একটি ম্যাগজিন, একটি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল ও একটি মোটর সাইকেল আটক করা হয়।
একই অভিযানে ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলনের (৪৫) বাড়ি থেকে থ্রীনটথ্রী রাইফেলের চারটি গুলি, একটি ম্যাগজিন, একটি চাপাতি ও আটটি বিভিন্ন ধরণের ছুরি উদ্ধার করা হয়েছে। তবে তাকে আটক করা যায়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে ভূঞাপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪০ ঘ.
bdnews24