ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দলের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এরপর সকাল সাড়ে ৯টায় গণভবণে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় নেতারা।
এছাড়া সকাল সাড়ে ১১টায় ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সাক্ষাতের কথা রয়েছে। দুপুর দেড়টায় বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করবেন তারা।
এদিকে বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ‘সমুদ্র বিজয়’ উপলক্ষে শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা-মাসহ পরিবারের প্রায় সব সদস্যকে হারানোর পাঁচ বছর নয় মাস পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এর আগে ১৯৮১ সালের ১৪, ১৫, ও ১৬ ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়।
৩১ বছর আগে লাখ লাখ জনতার ‘জয় বাংলা’ স্লোগানের মধ্য দিয়ে শেখ হাসিনা যখন ঢাকায় পৌছান তখন মুষল ধারায় বৃষ্টি হচ্ছিল। তেজগাঁও বিমানবন্দর থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত রাস্তায় তিল ধারণের জায়গা ছিলো না।
মািনক মিয়া এভিনিউয়ে লাখো জনতার সংবর্ধনার পর শেখ হাসিনা সেদিন বলেছিলেন, “সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনকের হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরআরডি/এসইউ/১১৪৯ ঘ.
bdnews24