ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের কারণে এইচএসসি পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়ায় সাব-রেজিস্ট্রার পদে শুক্রবারের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠান নিয়ে ‘জটিলতা’ দেখা দিয়েছে।
সরকারি কর্ম কমিশন বলছে, উদ্ভূত পরিস্থিতিতে এ পরীক্ষার সময়সূচি বা কেন্দ্রে পরিবর্তন আনা হবে কিনা- সে বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পিএসসির অধীনে সাব-রেজিস্ট্রার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময় নির্ধারিত রয়েছে। ঢাকার ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা।
হরতালের কারণে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা একদিন পিছিয়ে শুক্রবার দেওয়ায় কয়েকটি পরীক্ষা কেন্দ্র নিয়ে ‘জটিলতা’ তৈরি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২২০০ ঘ.
bdnews24