ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
প্রসিকিউশনের অবেদনে সম্প্রতি মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে আসে।
বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা মুলতবি হয়ে যায়। আগামী ২১ মে আবার শুনানি শুরু হবে।
শুনানিতে প্রসিউকিউটর মোখলেসুর রহমান আসামি মুজাহিদের জন্ম, জন্মস্থান, শিক্ষা ও পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড, ছাত্র সংঘ ও আল বদরের সঙ্গে সংশ্লিষ্ট, একাত্তরে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য দেশের বিভিন্ন স্থানে তার দেওয়া ভাষণ ইত্যাদি তুলে ধরেন।
গত ১১ মার্চ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুরু হয়। তার বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
২০১০ সালের জুন মাসে গ্রেপ্তার হন জামায়াতের এ নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২১৩৩ ঘ.
bdnews24