সাভার, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ জোট নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় গাড়ি পোড়ানোর পর সন্ধ্যায় সাভারে দুটি গাড়িতে অগ্নিসংযোগ এবং অর্ধশতাধিক ভাংচুর করা হয়েছে।
পুলিশের দাবি, সন্ধ্যার পর সাভারের বাজার বাসস্ট্যান্ডে একটি মিনিবাস ও রাজফুলবাড়ীতে একটি প্রাইভেট কার জ্বালিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা।
এছাড়া হরতাল সমর্থকরা রাতে তুরাগ এলাকায় অর্ধশত এবং বিকালে বালিয়াপুরে পাঁচটি বাস ভাংচুর করেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
সাভার থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে শিমুলতলায় হাতিল ফার্নিচার কোম্পানির একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ৭টায় দমকল বাহিনী আগুন নেভায়। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে অন্তত আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বাসটির চালক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোম্পানির জিরানী কারখানা থেকে বাসটি তাদের ২০ জন কর্মচারীকে নিয়ে ঢাকার মীরপুর যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ২০মিনিটে শিমুলতলা এলাকায় পৌঁছলে ২৫-৩০ জন যুবক লাঠিসোটা নিয়ে বাসটি ভাংচুর করে।
এ সময় চালক বাসটি ঘুরিয়ে উল্টো পথে চলে যেতে চাইলে যুবকরা বাসের ভিতর পাউটার ছিটিয়ে তাতে আগুন দেয়। বাসে থাকা লোকজন যে যার মতো দৌড়ে নেমে পড়ায় কেউ আহত হয়নি বলে জানান চালক তাজুল ইসলাম।
সাভার দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজফুলবাড়ী এলাকায় দরবার শরীফের কাছে রাত ৮টার দিকে দুস্কৃতিকারীরা একটি প্রাইভেট কারে আগুন দিয়ে পালিয়ে যায়। দমকল বাহিনী সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, রাত সোয়া ৮টার দিকে তুরাগ এলাকার ভাকুরতা ব্রিজের কাছে হরতাল সমর্থকরা প্রায় ৫০টি গাড়ি ভাংচুর করেছে। এসময় আতঙ্কে লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। ঢাকা-আরিচা সড়কে যান চলাচল কমে যায় বলে জানান এসআই।
এর আগে বিকাল ৪টার দিকে বলিয়ারপুর এলাকায় বিএনপি সমর্থকরা অন্তত পাঁচটি বাস ভাংচুর করেছে। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১৪ ঘ.
bdnews24