ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারি করার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধায় পড়েন।
এরপর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আছেন। আলোচনার প্রস্তাব নিয়ে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী বুধবার দুপুরে সেখানে যান বলে জানিয়েছেন ঐক্য পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রীর পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী রূপম কান্তি শীল আলোচনার প্রস্তাব নিয়ে আসেন। বিকালে গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হবে, এতে গণশিক্ষা প্রতিমন্ত্রী ও গণশিক্ষা সচিবও থাকবেন।”
প্রধানমন্ত্রীর কাছে যেতে ব্যর্থ শিক্ষক নেতারা বলেছিলেন, বুধবার দুপুরে তারা পরবর্তী কর্মসূচি দেবেন। তবে মন্ত্রীর কাছ থেকে সাড়া আসার পর তারা এখন জানিয়েছেন, আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।
আলোচনা ফলপ্রসূ না হলে অনশনসহ বিদ্যালয়ে তালা ঝোলানোর কর্মসূচি আসতে পারে বলে ইঙ্গিত দেন শিক্ষক নেতা আমিনুল।
চাকরি সরকারি করার দাবিতে সোমবার দুপুর থেকে শহীদ মিনারে অবস্থান করছেন কয়েক হাজার শিক্ষক। সেখান থেকেই তারা মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। শাহবাগে পুলিশি বাধা পেয়ে তারা পুনরায় শহীদ মিনারে ফিরে যান।
শহীদ মিনারে অস্থায়ী মঞ্চ ও মঞ্চের আশপাশে শিক্ষকরা অবস্থান নিয়ে আছেন। অতিরিক্ত গরমে আন্দোলনকারীদের ৭ জন অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24