যশোর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলনে বোমা হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের শংকরপুর চোপদার পাড়া থেকে শরিফুল ইসলাম মিন্টোকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির আব্বাস বলেন, মিন্টোর বিরুদ্ধে উদীচী বোমা হামলা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া আরো একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর জাতীয় সম্মেলন চলাকালে বোমা হামলায় ১০ জন নিহত এবং অন্তত অর্ধশত আহত হয়।
পরদিন বিএনপি নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২৪ জনকে আসামি করে একটি মামলা হয়। পরবর্তীতে তরিকুল ইসলাম হাই কোর্টের মাধ্যমে মামলা থেকে খালাস পান। এছাড়া তিন জনের মৃত্যু হয়। বাকি থাকেন ২০ জন।
২০০৬ সালের ২৮ জুন মামলাটির রায়ে ২০ আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। ওই সময় আদালত বলেন, সিআইডির তদন্ত ত্র“টিপূর্ণ ছিল।
রায়ের পর উদীচীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বর্ধিত তদন্তের আবেদন করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাই কোর্টে রিভিউ আবেদন করে।
এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২১ জুন হাই কোর্ট মামলাটি পুনরুজ্জীবিত এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এরপর ১৭ আসামি আদালতে হাজির হয়ে জামিন নিলেও মিন্টা, মেহেদী হাসান লিটু ও সোহরাব হোসেন হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩০০ ঘ.
bdnews24