২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারো বাসে ডাকাতি

মাত্র চারদিনের ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশী ডাকাত সদস্যদের ছুরিকাঘাতে আহত হয়েছেন চালকসহ কমপক্ষে ১৫ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

মুন্সীগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র চারদিনের ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশী ডাকাত সদস্যদের ছুরিকাঘাতে আহত হয়েছেন চালকসহ কমপক্ষে ১৫ যাত্রী। সোমবার রাতে নোয়াখালীগামী নিউযাত্রীসেবা বাসাটি মেঘনা সেতু এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ফেলে। এ সময় কয়েক জন যাত্রী হৈচৈ শুরু করলে ডাকাত সদস্যরা তাদের ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত পাঁচ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মো. লিটন (২২), চাঁদপুর জেলার কচুয়া থানার মো. সুমন (২০), নোয়াখালী জেলার মাইজদী থানার নুরুল হক (৩০) (চালক), কুমিল্লা জেলার দাউদকান্দির দুলাল মিয়া (৩৫) ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার মিজানুর রহমান (৩০)। রফিক শেখ নামে এক যাত্রী জানান, রাত ১০টার পর ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে তাদের বাসটি ছাড়ে। বাসটি মেঘনা সেতু এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত বাসের প্রায় ৫০/৬০ জন যাত্রীদের সব মালামাল লুট করে সেতুর পশ্চিম পাশে গজারিয়ার পাখি চত্বরে নেমে যায়। পরে বাসের এক যাত্রী গাড়িটি চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে দাউদকান্দির গৌরিপুর হাসপাতালে নিয়ে যায়। গজারিয়া থানার ওসি শহীদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ডাকাতির ঘটনাটি শুনেছি। তবে এখনও আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।” এরআগে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লাগামী এশিয়ালাইন বাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাত সদস্যদের ছুরিকাঘাতে কমপক্ষে ছয় যাত্রী গুরুতর আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০৭ ঘ.