২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন, দম্পতি গ্রেপ্তার

গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগে সাভারে এক প্রকৌশলী ও তার শিক্ষিকা স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

সাভার, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগে সাভারে এক প্রকৌশলী ও তার শিক্ষিকা স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার হন সাভারের আমান নিটিং টেক্সটাইলের প্রকৌশলী জাকির হোসেন (৩০) ও তার স্ত্রী হাসান আল বান্না একাডেমির শিক্ষিকা শারমিন আক্তার (২২)। মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এরপর তাদের আদালতে পাঠানো হয়। নির্যাতনের শিকার হাবিবা (০৯) কুড়িগ্রামের উলিপুর উপজেলার করপুরা গ্রামের প্রয়াত হায়দার আলীর মেয়ে। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছে কাজের মেয়ে নির্যাতনের পেয়ে হেমায়েতপুরের ওই দম্পতির ভাড়া বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার এবং নির্যাতনকারী দম্পতিকে থানায় আনা হয়। শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলেও তিনি জানান। ওসি মো. আসাদুজ্জামান আরো বলেন, পরে খবর পেয়ে শিশুটির মা শাহিদা আক্তার কুড়িগ্রাম থেকে দুপুরে থানায় এসে ওই দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। নির্যাতনের শিকার হাবিবা পা-ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে খুন্তির ছ্যাঁকা ও মারধরের চিহ্ন দেখিয়ে সাংবাদিকদের বলে, “তারা প্রায়ই আমাকে মারধর করত। শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে কাজ করার পরও ঠিকমতো খেতে দিত না। কাজে একটু ভুল হলেই মারধর শুরু করত।” রোববার দুপুরেও গৃহকর্ত্রী ঘুঁষি মেরে তার একটি দাঁত ফেলে দেয় বলে হাবিবা জানায়। গৃহকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সারাদিন কর্মস্থলে থাকায় বাড়িতে এত ঘটনার আমি কিছুই জানতাম না। রাতে বাসায় পুলিশ আসার পরই সব জানতে পেরেছি।” তার স্ত্রী শারমিন আক্তার খুন্তির ছ্যাঁকা দেওয়ার কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজে ভুল করার কারণে মাঝে মধ্যে চর-থাপ্পড় দিয়েছি।” হাবিবার মা সাহিদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই গ্রামের তাদের প্রতিবেশী এই দম্পতি। এক বছর আগে শারমিন আক্তার তার ছেলের দেখাশোনর জন্য হাবিবাকে নিয়ে যান। কিন্তু এখানে এনে মেয়েটির উপর নির্যাতন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৭৪৯ ঘ.