ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের শারীরিক বা মানসিক নির্যাতন না করে তাদের মধ্যে আত্ম মর্যাদাবোধ জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শিক্ষক মহাসমাবেশে শেখ হাসিনা বলেন, “আমি আপনাদের প্রতি অনুরোধ জানাব, শিক্ষার্থীদের কেউ শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করবেন না। আদর, মমতা, ভালবাসা দিয়ে তাদের গড়ে তুলুন।”
“ছেলে-মেয়েদের মধ্যে আত্মমর্যাদাবোধ যেন জেগে ওঠে- সেদিকে নজর দিতে হবে। মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে”, বলেন প্রধানমন্ত্রী।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দেন।
শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ হিসাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আপনারই পারেন- একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে। আপনারা যাদের শিক্ষা দিচ্ছেন- তাদের মধ্যে থেকে কেউ একজন আগামীতে প্রধানমন্ত্রী হবে। এরাই নেতৃত্বে আসবে।”
কোনো কোনো ক্ষেত্রে অভিভাবকদের চেয়েও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। তাদের সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর শিক্ষক ও অভিবাবকদের নজর দিতে হবে।”
ভবিষ্যত প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের আরো যতœবান হওয়ারও অনুরোধ করেন সরকার প্রধান।
সরকার শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করেছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “শতকরা ৪০ ভাগ শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত উপবৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩০ শতাংশ নারী।”
অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের ভর্তিতে কোটা নির্ধারণ করে তাদের জন্য একীভূত শিক্ষার সুযোগ সৃষ্টির কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, অটিস্টিক শিশুদের সঙ্গে যাতে অন্যরা ভাল ব্যবহার করে- সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে।
শ্রেণীকক্ষে পাঠদানের মান বৃদ্ধি করতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রছাত্রীরা ভাল ফলাফল করছে। এজন্য আমি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।”
শিক্ষক সমিতির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭৪৫ ঘ.
bdnews24