২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবাহ আইন নিয়ে অপপ্রচার চলছে: আইনমন্ত্রী

বিশেষ বিবাহ আইন বা আন্তঃধর্ম বিবাহ আইন নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, একটি বিশেষ মহল এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 03:45 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ বিবাহ আইন বা আন্তঃধর্ম বিবাহ আইন নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, একটি বিশেষ মহল এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের এক বক্তব্য প্রসঙ্গে সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান মন্ত্রী। রোববার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এরশাদ বলেন, “বিশেষ বিবাহ আইন পাস করলে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তারা সহ্য করবে না। ওই আইন হিন্দু ও খ্রিস্টানরাও মানবে না।” এ বিষয়ে আইন মন্ত্রী বিবৃতিতে বলেন, “আন্তঃধর্ম বিবাহ আইন বা বিশেষ বিবাহ আইন প্রণয়নের কোনো পরিকল্পনা বা উদ্যোগ বর্তমান সরকারের নেই।” “আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই; ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন এ সরকার প্রণয়ন করবে না”, যোগ করেন তিনি। বিশেষ বিবাহ নিবন্ধন আইনে আইনমন্ত্রীর এপিএসকে রেজিস্ট্রার করার সমালোচনায় এরশাদ বলেন, “এর আগেও রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে এই এপিএসের কারণে। এপিএস পদটিই বাতিল করা উচিৎ।” এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “আমার এপিএস অ্যাডভোকেট আকছির এম চৌধুরী স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার নন।” গত ১৮ এপ্রিল আকছির এম চৌধুরীকে ১৮৭২ সালের স্পেশাল ম্যারেজ আইন অনুসারে সারা দেশের জন্য স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারের লাইসেন্স দেওয়া হয়েছিল। এরপর গত ৭ মে তিনি লাইসেন্সটি সমর্পণের (সারেন্ডার) আবেদন করলে তা বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/০৯৩৫ ঘ.