গাইবান্ধা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরে সোমবার ধান কাটা নিয়ে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামে এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- প্রতাপ গ্রামের রইস উদ্দিনের ছেলে রিফুজুল হক (৩০), বিনয় চন্দ্র মহন্তের দুই ছেলে মুকুল চন্দ্র মহন্ত (৩০) ও হৃদয় চন্দ্র মহন্ত (২৭)।
আহত পুলিশর উপ-পরিদর্শক (এস আই) মোশাররফ হোসেন, এসআই মফিজ উদ্দিন, কনস্টেবল মোখলেছ ও কনস্টেবল গণেশ চন্দ্রসহ অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসাপাতাল, গাইবান্ধা আধুনিক হাসপাতাল, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বাকি আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল বলেন, প্রতাপ গ্রামের একটি জমি নিয়ে বিনয়ের সঙ্গে প্রতিবেশী সুরুজ্জামান মহুরীর বিরোধ চলছিল।
সকাল ৮টার দিকে সুরুজ্জামান মহুরী ভাড়া করা লোকজনসহ ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ওই জমির ধান কাটতে যান।
এ সময় মুকুল ও হৃদয় বাধা দিলে সুরুজ্জামানের লোকজন তাদের মারধার করে আটকে রাখে। এরপর বিনয়ের লোকজন ঘটনাস্থলে গেলে সংঘর্ষ শুরু হয়।
ওসি আরো জানান, মুকুল ও হৃদয়কে থানায় আনার পথে বিনয়ের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।
পরে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮২৫ ঘ.
bdnews24