২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি: স্কুল শিক্ষক সাময়িক বরখাস্ত

বরিশালের উজিরপুর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

বরিশাল, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল জানান, ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত হওয়া সতীশ চন্দ্র গাইন উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিপদ হালদার বলেন, “শিক্ষক সতিশ চন্দ্র গাইনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।” পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর হয়েছে। তিনি বলেন, “তার বিরুদ্ধে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরো জানান, একজন দিনমজুরের মেয়ে ওই শিক্ষার্থীকে নিপীড়নের ঘটনায় বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও তাদের অভিভাকরা লিখিত অভিযোগ দেয়। তাদের অভিযোগের ভিত্তিতে রোববার রাতে পরিচালনা কমিটি জরুরি সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ তদন্তে একই ইউনিয়নের মশাং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ওই বিদ্যালয়ের শিক্ষক সুধীর হালদার ও স্থানীয় বাসিন্দা দেব দুলাল। সাত দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৮১৩ ঘ.