২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ ‘হত্যাচেষ্টা’ মামলা পরিণত ‘হত্যা মামলায়’

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এ মামলায় যে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে, তাতে দেলাওয়ার হোসাইন সাইদীকে বাদ দিয়ে আসামি করা হয়েছে ৫ জেএমবি সদস্যকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 04:19 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলাকে হত্যা মামলায় পরিণত করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), যাতে দেলাওয়ার হোসাইন সাইদীকে বাদ দিয়ে ৫ জেএমবি সদস্যকে আসামি করা হয়েছে। বাংলা একাডেমীর বাইরে হুমায়ুন আজাদের ওপর হামলার ঘটনার আট বছর পর সিআইডির পরিদর্শক মো. লুৎফর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দেন। হত্যা চেষ্টার সঙ্গে হত্যার অভিযোগ যুক্ত করে এবং বিষ্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন তিনি। মামলার বাদী ও হুমায়ুন আজাদের ছোট ভাই মঞ্জুর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সম্পূরক অভিযোগপত্রে মো. মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম ওরফে হাসিম, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেলকে আসামি করা হয়েছে। এরা সবাই নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা। তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, তদন্তে অভিযোগের প্রমাণ না পাওয়ায় আসামির তালিকা থেকে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাইদী, ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভূঁইয়া, গোলাম মোস্তফা ওরফে মোস্তফা মাহমুদ, আবদুল খালেক গবা ওরফে টাইগার, শফিক উল্লাহ ওরফে সাদ এবং ফাঁসির রায় কার্যকর হওয়ায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, ও খালেদ সাইফুল্লাহর নাম সম্পূরক অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগপত্র দাখিলের আগে মারা যাওয়ায় বাদ পড়েছে নূরুউল্লাহ হাফিজের নামও। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো দিকের রাস্তায় হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। কয়েক মাসের চিকিৎসায় সুস্থ হয়ে ২০০৪ সালের অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। ১২ অগাস্ট মিউনিখে তার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় পুলিশ ২০০৭ সালের ১৪ নভেম্বর হত্যাচেষ্টা ও বিষ্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেয়। কিন্তু তাতে আপত্তি জানিয়ে বাদী মঞ্জুর কবির ২০০৯ সালের অক্টোবরে অধিকতর তদন্তের আবেদন করেন। তিনি আবেদনে বলেন, পাক সার জমিন সাদ বাদ বইটি প্রকাশের পর ২০০৩ সালের ২৩ নভেম্বর জামায়াত নেতা সাঈদী সংসদে বইটির সমালোচনা করেন, কিন্তু তদন্ত কর্মকর্তা তার বিষয়ে তদন্ত করেননি। অপরাধী চক্র একটি বৃত্তি দিয়ে হুমায়ুন আজাদকে জার্মানিতে নিয়ে যায়। সেখানে তিনি হত্যার শিকার হন। হুমায়ুন আজাদ নিজেও চিকিৎসাধীন অবস্থায় হামরার পেছনে মৌলবাদী সংগঠন এবং দেলোয়ার হোসেন সাঈদীর জড়িত থাকার ইংগিত দেন সাংবাদিকদের কাছে। এই পরিপ্রেক্ষিতে বিচারক অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন। গত বছরের ২২ মে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান দেলাওয়ার হোসাইন সাঈদী, যিনি একাত্তরে যুদ্ধাপরাধের মামলাতে অভিযুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১০০৫ ঘ.