২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা নির্ভুলে সার্বক্ষণিক তদারকি: সিইসি

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভুলত্র“টি রোধে সার্বক্ষণিক তদারকি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভুলত্র“টি রোধে সার্বক্ষণিক তদারকি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। রোববার শেরেবাংলা নগরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কাজী রকিব বলেন, “ভুল এক পর্যায়ে নয়, বিভিন্ন পর্যায়ে আছে। তারপরও ভুল থাকলে চূড়ান্ত ভোটার তালিকা করার আগে তা জনসম্মুখে প্রকাশ করে সংশোধন করা হবে।” গত ১০ মার্চ থেকে দেশজুড়ে হালনাগাদের কার্যক্রম শুরু হয়। চলতি মাসের মাঝামাঝি দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতিবেদনে বলা হয়, ঠাকুরগাঁওয়ে দ্বৈত ভোটার হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। ময়মনসিংহ ও নীলফামারীতে ভোটারের তথ্য ফরমে পিতা-মাতার পরিচয়পত্র নম্বর পূরণ করার হার খুবই কম। মানিকগঞ্জে ফরমের তথ্য শতভাগ যাচাই করা সম্ভব হয়নি। কিশোরগঞ্জে ভোটার বাড়ার হার কিছুটা বেশি। প্রথম পর্বে ৯৬টি উপজেলায় কাজ শুরু পর নিবন্ধন নিয়ে সামগ্রিক কিছু সমস্যার তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে। সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ সুষ্ঠুভাবে চলছে দাবি করে সিইসি বলেন, “এসব বড় কোনো অভিযোগ নয়। আমরা হালনাগাদ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।” ডিসিসি নির্বাচন নিয়ে কাজী রকিব জানান, দ্রুত ডিসিসি নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আইন বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সীমনা নির্ধারণ না করে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৩২ ঘ.