২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনা চাওয়ায় চা বিক্রেতার গায়ে গরম পানি

পাওনা টাকা চাওয়ায় চুলাসহ ফুটন্ত পানি ঢেলে এক চা বিক্রেতাকে ঝলসে দিয়েছে পিরোজপুর ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

পিরোজপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা চাওয়ায় চুলাসহ ফুটন্ত পানি ঢেলে এক চা বিক্রেতাকে ঝলসে দিয়েছে পিরোজপুর ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মুরাদকে রোববার সকালে পৌরসভা সড়কের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। চা বিক্রেতা মো. মিজানুর রহমান (৩৮) বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীন মিজান সাংবাদিকদের জানান, ছাত্রদল কার্যালয় ও পোস্ট অফিস সড়ক সংলগ্ন এলাকায় তার চায়ের দোকান। শনিবার রাতে জেলা ছাত্রদলকর্মী সাইদুর রহমান মুরাদ, ইকবাল আহম্মেদ সবুজ ও বশির উদ্দিন শেখসহ ৪/৫ জন কর্মী তার কাছে চা-সিগারেট চায়। এ সময় পাওনা টাকা চাইলে সবুজসহ অন্যরা জলন্ত আগুনের চুলাসহ তিন কেতলি ফুটন্ত পানি তার শরীরে ঢেলে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মিজানের স্ত্রী আফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। সদর থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের গ্রেপ্তারে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।” ঘটনার নিন্দা জানিয়ে জেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান সাঈদ জানান, বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। কেন্দ্রের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৫০ ঘ.