ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক বিভাস চন্দ্র সাহার প্রাণ কেড়ে নেওয়া বাসের চালক মফিজুল ইসলামকে তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশ রোববার মফিজকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতের আবেদন করলে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তিন দিন মঞ্জুর করেন।
এর আগে এই বাসচালকের জামিনের আবেদনও নাকচ করে দেন তিনি।
গত শুক্রবার বিকালে মোটরসাইকেলে করে ধানমন্ডির ২ নম্বর সড়কে অফিসে যাওয়ার সময় মৈত্রী পরিবহনের একটি বাস ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শনিবার রাতে মফিজকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রোববার তাকে ঢাকায় নিয়ে এসে গোয়েন্দা পুলিশের দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
মফিজুল সাংবাদিকদের জানান, সেদিন দুর্ঘটনার পর গাড়ি থামিয়ে তিনি কৌশলে যাত্রীদের সঙ্গে মিশে যান। দুর্ঘটনার বিষয়টি মোবাইল ফোনে বাসের মালিক হাসানকে জানালে তিনিই পালানোর পরামর্শ দেন।
কখনো স্কুলে না যাওয়া মফিজ জানান, তিনি নিজের নাম লিখতে পাড়লেও পড়তে পারেন না। সব ট্রাফিক সংকেত না চিনলেও ড্রাইভিং লাইসেন্স পেতে তার সমস্যা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/জেকে/১৭০৪ ঘ.
bdnews24