২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে ডিআরইউ’র পাশাপাশি বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরাও অংশ নেয়। তারা বাসচালকের শাস্তি, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাংবাদিকদেরকে উস্কানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে যার পরিণতি ভাল হবে না। নৌমন্ত্রী আসলে মন্ত্রী না শ্রমিক নেতা, সরকারের না সরকারের বাইরের লোক সে ব্যাপারে আমরা দ্বিধান্বিত।” ‘মানুষের চেয়ে বাঘের জীবনের মূল্য বেশি’ উল্লেখ করে তিনি বলেন, “একটি বাঘ মারলে সর্বোচ্চ সাজা ১০ বছর এবং তা জামিন অযোগ্য অপরাধ। কিন্তু বাস চালকরা মানুষ মারলে তাদের সর্বোচ্চ তিন বছরের শাস্তি পেতে হয়। আর এক্ষেত্রে সহজেই জামিন পায় তারা।” এছাড়া সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীকে সোমবারের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি। সাংবাদিক নেতারা জানান, সোমবার সকাল ১১টায় ডিআরইউতে বিভাস চন্দ্রের স্মরণে একটি সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা মোটরসাইকেলে করে ধানমন্ডির ২ নম্বর সড়কে তার কার্যালয়ে যাওয়ার সময় মৈত্রী পরিবহনের একটি বাস তাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই দিনে শাহবাগ এলাকায় বাসের ধাক্কায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু। মানববন্ধনে অন্যান্যদের মধ্য অংশ নেন ডিআরইউ সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন তপুসহ ডিআরইউ’র বর্তমান ও সাবেক নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/আরএ/১১৪৭ ঘ.