বরিশাল, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের গৌরনদী উপজেলায় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের পর জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদের চার সদস্যকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
হোসনাবাদ বাজারে শনিবার সকালে এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয় বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে।
আটকদের মধ্যে রয়েছে- শেখ মহিতুর রহমান মুন্না, মারুফ বিল্লাহ, শহিদুল ইসলাম ফকির, আক্কাস মৃধা। আরেকজনের নাম জানা যায়নি।
এদের কাছ থেকে শতাধিক লিফলেট ও ২০টি বই জব্দ করা হয়।
হোসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হিজবুত তাওহীদের ১০/১২ জন নেতাকর্মী বাজারে লিফলেট ও বই বিতরণ করে।
এ সময় তারা আপত্তিকর কথাবার্তা বললে স্থানীয় মুসল্লিদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে হিযবুত সদস্যরা লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়। এতে স্থানীয় ব্যবসায়ী বাদল হাওলাদার, সরোয়ার হোসেন, রাজ্জাক তালুকদার ও মান্নাসহ অন্তত পাঁচজন আহত হন।
এরপর এলাকাবাসী ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে হিজবুত তাওহীদ সদস্যদের ধাওয়া করে শতাধিক লিফলেট ও ২০টি আপত্তিকর বইসহ চারজনকে ধরে পুলিশে দেয়।
শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১৫৫ ঘ.
bdnews24