ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডিতে বাস চাপায় নিহত ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুর ২টায় রাজারবাগ শশ্মানঘাটে বিভাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বলে জানান তার ভগ্নিপতি এস এন ভক্ত।
এর আগে সকাল ১০টায় আঞ্জুমানে মফিদুলের একটি অ্যাম্বুলেন্সে করে বিভাসের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ থেকে সরাসরি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নেওয়া হয়।
এ সময় বিভাসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ক্র্যাব বহুমুখী সমিতি ও সবস্তরের সংবাদকর্মীরা।
রাজধানীর ধানমণ্ডিতে শুক্রবার বিকালে বাসচাপায় নিহত হন বিভাস চন্দ্র সাহা। ধানমণ্ডির ২ নম্বর সড়কে বেল টাওয়ারে ইনডিপেন্ডেন্ট কার্যালয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী বিভাসকে (৪৫) একটি বাস চাপা দেয়।
জামালপুরের বজরা গ্রামে জন্ম নেওয়া বিভাস তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন। পারিবারিক জীবনে নিঃসন্তান বিভাসের স্ত্রীর নাম তপতী রাণী সাহা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন।
টিটুর দাফন সম্পন্ন
এদিকে একইদিন সকালে শাহবাগে বাসের চাপায় নিহত বরিশালের ফটোসাংবাদিক শহীদুজ্জামান টিটুকে (৩৫) শনিবার দুপুরে বরিশালে মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে শনিবার প্রথম প্রহরে অ্যাম্বুলেন্স যোগে বরিশাল নগরীর কালিবাড়ি রোডে নিজ বাস ভবনে নিয়ে যাওয়া হয় টিটুর লাশ।
সকাল সাড়ে ৯টায় সরকারি বরিশাল কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে নেওয়া হয় তার দীর্ঘ দিনের কর্মস্থল দৈনিক মতবাদ কার্যালয়ে। সেখানে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বরিশাল প্রেস ক্লাবে। সেখানে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানান।
বেলা ১১টায় সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত হয় টিটুর তৃতীয় ও শেষ জানাজা নামাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/আরআরডি/এএল/১৫৫০ ঘ.
bdnews24