ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট মাস পর দেশে ফিরে আনন্দিত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তবে সবচেয়ে খুশি হতেন যদি নিউ ইয়র্কে চিকিৎসা শেষে পুরোপুরি ফিরে আসতে পারতেন।
শুক্রবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রতিক্রিয়ায় বলেন, “যদি পুরোপুরি ফিরে আসতাম, তাহলে বলতাম যে খুবই আনন্দ পাচ্ছি। দেশে পা দেওয়া মাত্রই মনে হল ২০ দিনের মধ্যে একটা দিন চলে গেল, হাতে আছে ১৯ দিন।”
হুমায়ূনের সঙ্গে ফিরেছেন স্ত্রী মেহের আফরোজ (শাওন) এবং দুই ছেলে নিষাদ ও নিনিত। বিমানবন্দর থেকে সরাসরি গাজীপুরে নুহাশ পল্লীতে গিয়েছেন হুমায়ূন পরিবার। বিদেশে থাকতে সবচেয়ে বেশি অভাব বোধ করেছেন তার নিজের হাতে গড়া এই পল্লীর।
“সবচেয়ে বেশি যেটা মিস করেছি সেটা হল নুহাশ পল্লী। নুহাশ পল্লীর যে বাগানটা আছে, যে গাছগুলো আছে, ওগুলো মিস করেছি। তারপর মিস করেছি আমার বন্ধুদেরকে। মিস করেছি আমার মা এবং আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে।”
মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করায় নিষেধ আছে চিকিৎসকদের। হুমায়ূন তাই সঙ্গী করবেন তার প্রিয় গাছপালাকেই। তিনি বলেন, “গাছপালার সঙ্গে ঘুরে বেড়াব। গাছপালাকে দেখব। বাংলাদেশের খুব ভালো ভালো খাবার যেগুলো আছে সেগুলি খাব।”
ভক্তদের উদ্দেশ্যে কিছুর বলার নেই মন্তব্য করলেও হুমায়ূন আহমেদ চান তার ভক্তরা “ভাল থাকুক, সুখে থাকুক এবং আনন্দে থাকুক।”
ক্যান্সারের চিকিৎসার জন্য গত বছরের ১৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর এই প্রথম দেশে ফিরলেন হুমায়ূন। নিউ ইয়র্কে বৃহদান্ত্রের ক্যান্সারের অস্ত্রোপচারের আগে সপ্তাহ তিনেক দেশে থাকবেন তিনি।
১২ জুন নিউইয়র্ক সিটির বেলভ্যু হাসপাতালে হুমায়ূনের অস্ত্রোপচার হবে। এর মধ্য দিয়ে শুরু হবে তার তৃতীয় পর্বের চিকিৎসা। তার আগে কয়েকটা দিন দেশে আত্মীয়-বন্ধুদের সঙ্গে কাটাতেই ঢাকা এসেছে হুমায়ূন পরিবার।
গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাওয়ার পর মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন। দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেওয়ার পর গত সপ্তাহে তার এমআরআই করা হয়। এর প্রতিবেদন পর্যালোচনা করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন চিকিৎসকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ আরআরডি/এসইউ/১০৪৮ ঘ.
bdnews24