২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজিতে অভিযুক্ত মিলন

চাঁদা দাবিতে হামলা ও ভাংচুরের এক মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চাঁদপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা দাবিতে হামলা ও ভাংচুরের এক মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই অভিযোগে আলাদা মামলায় তার স্ত্রী ও কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবীর বিরুদ্ধেও অভিযোগ গঠন হয়। বৃহস্পতিবার চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম বেগম চমন চৌধুরীর আদালতে দুই মামলায় অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের সময় মিলন ও তার স্ত্রী নিজেদের নির্দোষ দাবি করেন। ২০১০ সালে মিলন ও বেবীর বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, হামলা, ভাঙচুর, হত্যার উদ্দেশ্যে আঘাত, ছিনতাইয়ের অভিযোগে চাঁদপুরের কচুয়া থানায় বেশ কয়েকটি মামলা হয়। ২০০৩ সালে মন্ত্রী থাকা অবস্থায় মিলন এসব কর্মকাণ্ড চালিয়েছে বলে এসব মামলায় অভিযোগ করা হয়। এগুলোর মধ্যে দুটি মামলায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ গঠন হল। এছাড়া আরেকটি আদালতে হাজির হয়ে একই ধরনের আরো দুটি মামলায় বৃহস্পতিবার জামিন নেন মিলন। মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী সাংবাদিকদের জানান, গত তিন বছরে তার স্বামীর বিরুদ্ধে ৩০টি মামলা হয়। চাঁদপুরের কচুয়া উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই এসব মামলার বাদী। বর্তমানে এসব মামলায় মিলন জামিনে আছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২১৪৫ ঘ.