চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চার জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এরা হলেন- সেলিনা হোসেন (২৭), রুহুল আমিন রুবেল (৩০), মো. সেলিম (২৫) ও আবুল হোসেন আবু (৪৩)। তারা সবাই চট্টগ্রামের ভুজপুর থানার বাসিন্দা।
পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গত মঙ্গল ও বুধবার চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তিনি জানান, এদের কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গত বছরের জুলাই মাসের দুটি চুরির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কমিশনার জানান।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন ওই চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯১৫ ঘ.
bdnews24