ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চলমান রাজনৈতিক বিরোধ নিস্পত্তিতে বিএনপির সঙ্গে সংলাপ করে কার্যত কোনো ফল আসবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
তিনি বলছেন, একমাত্র সংসদে এ সংক্রান্ত ফলপ্রসু আলোচনা হতে পারে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র-গণবিরোধী হরতাল ও মানুষ হত্যার প্রতিবাদ’ শীর্ষক এক মানববন্ধন কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
নাসিম বলেন, “আমরা সংলাপের নামে প্রহসনে বিশ্বাস করি না। এর আগেও ১৯৯৬ এবং ২০০৭ সালে বিএনপির সঙ্গে আমরা আলোচনায় বসেছিলাম। কিন্তু বিএনপির কারণে তা ব্যর্থ হয়।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধীদলের মুখোমুখি অবস্থানের মধ্যে কূটনৈতিক মহল থেকে সংলাপের কথা বলা হচ্ছে। গত ৬ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঢাকা সফরে এসে রাজনৈতিক নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানান। সংলাপে বসার কথা বলছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতও।
এরই মধ্যে আওয়ামী লীগ সংলাপের পক্ষে সায় দিয়েছে। মহাজোটের শরিক জাতীয় পার্টিও চাচ্ছে সংলাপ হোক।
অবশ্য বিএনপি বলছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি মেনে নেওয়ার ঘোষণা সাপেক্ষে তারা আলোচনায় বসতে রাজি আছে।
বিএনপির দাবি নাকচ করে নাসিম বলেন, “আমাদের বক্তব্য চন্দ্র-সূর্যের মতো স্পষ্ট। সরকার নির্বাচিত ব্যক্তিকেই ক্ষমতা হস্তান্তর করবে। আমরা ১/১১-র পুনরাবৃত্তি চাই না।”
বঙ্গবন্ধু মঞ্চ আয়োজিত ওই মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, সংগঠনের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খানসহ আরো অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কিউএইচ/এএল/১৭৪৪ ঘ.
bdnews24