২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় দুটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

সাভার, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় দুটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার আশুলিয়ার জামগড়া এলাকার ‘ওপেক্স সোয়ের্টাস লিমিটেড’ ও ‘ফ্যাশন নিট লিমিটেড’ এর কারখানায় এ বিক্ষোভ হয়। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামগড়া এলাকার ওপেক্স সোয়ের্টাস লিমিটেড কারখানার প্রায় আটশ’ শ্রমিক মজুরি (পিস রেট) বাড়ানোর দাবিতে সকাল থেকে কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। কারখানা কর্তৃপক্ষ দাবি না মানায় শ্রমিকরা বিক্ষোভ করতে করতে সকাল ১০টার দিকে কারখানা ছেড়ে যায়। তিনি আরো জানান, ফ্যাশন নিট লিমিটেড কারখানার নিটিং বিভাগের ৭০০ শ্রমিকও মজুরি বাড়ানোর দাবিতে বুধবার বিকাল থেকে কর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে নিটিং বিভাগ অনিদির্ষ্টকালের বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। তবে কারখানার অন্যান্য বিভাগ চালু আছে। কারখানা দু’টির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো কথা বলতে রাজি হয়নি। কারখানা দু’টির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শিল্প পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৬৪২ ঘ.