রাঙামাটি, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলায় এক চাকমা স্কুল ছাত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে আঠারকছড়া ইউনিয়নের ইয়েরেংছড়ি থেকে সুজাতা চাকমার (৯) লাশ উদ্ধার করে পুলিশ।
সুজাতা উল্টোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
সুজাতার বড় ভাই ও আঠারকছড়া ইউপি সদস্য বিটন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে একই বয়সী ভাইপোসহ সুজাতা বাড়ির পাশের জঙ্গলে গরু চড়াতে যায়।
এ সময় এক ব্যক্তি সুজাতাকে মুখ চেপে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তা দেখে সঙ্গে থাকা ভাইপো দৌড়ে বাড়ি গিয়ে ঘটনাটি জানায়।
তখন বাড়ির লোকজন গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে জঙ্গলে সুজাতার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।
“সুজাতাকে সম্ভবত ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার গলা ও পিঠে ৫-৬টি ধারালো দায়ের কোপ রয়েছে,” বলেন বিটন চাকমা।
আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বলেন, পুলিশ লাশ উদ্ধার করে লংগদু থানায় নিয়ে গেছে।
পুলিশ সুপার মাসুদ-উল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে লংগদু থেকে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৩৬ ঘ.
bdnews24