২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুল হত্যাআইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করছে পরিবার

পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলামকে হত্যার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেছে তার পরিবার, যার হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও উদ্বেগ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 06:07 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাভার, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলামকে হত্যার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেছে তার পরিবার, যার হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আমিনুলের স্ত্রী হোসনে আরা বেগম ফাহিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে আমিনুল আশুলিয়ার বিভিন্ন গার্মেন্ট কারখানার মালিকদের শত্রু হন। এ কারণে মালিকরাও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তাকে হত্যা করতে পারে।” হত্যার আগে বেশ কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমিনুলকে ধরে নিয়ে আটকে রেখেছিল বলে দাবি করেন ফাহিমা। “কী কারণে আমার স্বামীকে হত্যা করা হলো, আমার সন্তানরা কেন এতিম হলো, আমি এর জবাব চাই। আমি আমার স্বামী হত্যার বিচার চাই,” বলেন তিনি। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) এর সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল বাইপাইল থেকে নিখোঁজ হন। ২০০৬ সাল থেকে তিনি এই সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন। ৬ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশ থেকে উদ্ধার করে। পরদিন পত্রিকায় ছাপা হওয়া লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা আমিনুলকে সনাক্ত করেন। ঘাটাইল থানা পুলিশ কোনো দাবিদার না পেয়ে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করে। পরে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে ৯ এপ্রিল কালিয়াকৈর থানার হিজলহাটি মৃধাপাড়া এলাকার বাড়িতে বাবার কবরের পাশে পুনরায় দাফন করা হয় আমিনুলকে। এ ঘটনায় আমিনুলের ছোট ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হিলারি ঢাকা সফরের সময় গত রোববার এক অনুষ্ঠানে বলেন, গার্মেন্ট শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার তদন্ত না হলে বিদেশি ক্রেতারা ‘ভুল সঙ্কেত’ পাবে। বুধবার দুপুরে সাভারের বাজার বাসস্ট্যান্ডে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় আমিনুলের স্ত্রীর। এসময় তার মেয়ে সাভার বাজার বাসস্ট্যান্ড মহিলা মাদ্রাসার ছাত্রী সায়মা আক্তার আঁখি (১৭) পাশে ছিলেন। ফাহিমা জানান, ৪ মে আমিনুল দুপুর ২টায় বাড়ি থেকে বাইপালের ফেডারেশন অফিসে যান। ওই দিন সন্ধ্যার পর থেকে তার খোঁজ আর পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ৫ এপ্রিল আমিনুলের নিখোঁজের ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। উল্টো ফাহিমাকে আরো খোঁজাখুজি করতে বলা হয়। “ওই দিন আশুলিয়া থানা পুলিশ জিডিটি গ্রহণ করে বেতার বার্তার মাধ্যমে সব থানায় তা পাঠিয়ে দিলে হয়ত বা তাকে জীবিত পাওয়া যেত,” হতাশার সঙ্গে বলেন আমিনুলের স্ত্রী। ২০০৬ সালে আমিনুল চাকরি ছেড়ে শ্রমিক সংগঠনের কাজে জড়িয়ে পড়েন। এর আগে তিনি ডিইপিজেডের নতুন জোনের শাশা ডেনিম টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতেন। ফাহিমা অফিসের অন্যদের কাছে শুনেছেন, গত ৪ মে আমিনুলের বন্ধু মোস্তাফিজুর রহমান একটি মেয়েকে নিয়ে অফিসে আসেন। মোস্তাফিজ মেয়েটিকে বিয়ে করার জন্য আমিনুলের সহযোগিতা চান। আমিনুল সন্ধ্যায় তাদের নিয়ে জিরানীর দিকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হন। ফাহিমার সন্দেহ, আইনশৃঙ্খলা বাহিনী মোস্তাফিজকে দিয়ে কৌশলে আমিনুলকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমিনুল নিখোঁজ হওয়ার পর থেকে মোস্তাফিজও পলাতক বলে তিনি জানান। আমিনুলের আরো দুই ছেলে আব্দুল কাইয়ুম রকিব (১৪) ও আবুল হাই সাকিবও (১৪) মাদ্রাসার ছাত্র। আমিনুলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। কালিয়াকৈরের গ্রামের বাড়িটি আমিনুল একবছর আগে প্রতিবেশীর কাছে বিক্রি করে দেন। তবে পরিবার নিয়ে তিনি সেখানেই থাকতেন। বিক্রি হয়ে যাওয়া বাড়িটি ফিরে পাওয়ার জন্য ফাহিমা সবার সহযোগিতা চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০০০০ ঘ.