খুলনা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলার অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।
বুধবার সকালে এ হামলায় ছাত্র ইউনিয়নের অন্তত আটজন নেতাকর্মী আহত হয়েছেন।
অধ্যক্ষ শফিউল্লাহ সরদারের উপর এক ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল ছাত্র ইউনিয়ন।
ছাত্র ইউনিয়নের কলেজ শাখার সভাপতি লক্ষণ সাহা সাংবাদিকদের বলেন, বেলা ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা ৩০/৩৫ জন বহিরাগত নিয়ে হামলা চালায় এবং মারধর শুরু করে।
হামলায় কলেজ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ, নাসির উদ্দিন পিন্টু, ইমরান খান, শাহীন হাওলাদার, বিশ্বজিৎ মিত্র, সনজিৎ কুমার গাইন ও দেবাশীষ দাস আহত হন।
আহতদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এই ছাত্র ইউনিয়ন নেতা।
বিএল কলেজ শাখার সাবেক সহ-সভাপতি উজ্জ্বল দাস বলেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত নন।
এদিকে অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগ নেতা আবু ইউসুফ শাকিলকে গ্রেপ্তারের দাবিতে কলেজ শিক্ষক পরিষদের তিন দিনের কর্মসূচি চলাকালে দ্বিতীয় দিন তা স্থগিত করা হয়েছে।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শিকদার মনিরুজ্জামান বলেন, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং সিটি মেয়র তালুকদার আবদুল খালেক আগামী ১৬ মে’র মধ্যে বিষয়টির সুষ্ঠু সমাধান দেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৩৩ ঘ.
bdnews24