ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো বিমানে আগুন লাগলে কীভাবে তা মোকাবেলা করা হবে, তার মহড়া হয়েছে শাহজালাল বিমানবন্দরে।
বুধবার এই মহড়া চলার সময় প্রায় এক ঘণ্টা এই আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে এই মহড়ায় অংশ নেয় অগ্নি নির্বাপণ বাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, বেসরকারি বিমান পরিবহন সংস্থা ও একাধিক হাসপাতাল।
বাঁশের তৈরি একটি বিমানে আগুন ধরিয়ে তা নেভানোর কাজে অগ্নি নির্বাপণ বাহিনীর আটটি ইউনিট, ১৫টি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার অংশ নেয়।
বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ফারুক খান মহড়া দেখেন।
তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের বিমানবন্দরগুলো অত্যন্ত নিরাপদ। কয়েকদিন আগে শাহজালাল বিমানবন্দরে থাই এয়ারফোর্সের একটি বিমান দুর্ঘটনাকবলিত হলেও সংশ্লিষ্টদের তৎপরতায় তাতে আগুন লাগেনি।”
“তবে আগুন নেভানোর যন্ত্রপাতির উন্নতি এবং অগ্নি নির্বাপকদের আরো প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24