বরিশাল, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলার দু’টি ধারায় সর্বহারা জিয়া গ্র“পের এক আঞ্চলিক নেতাকে ১০ ও ৭ বছর কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
বুধবার বিশেষ ট্রাইবুনালের বিচারক এ এ কে এম সলিমউল্লাহ অস্ত্র আইনের পৃথক দু’টি ধারায় এই আদেশ দেন।
একটি ধারায় ১০ বছর এবং অপর ধারায় ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়। দুই সাজা একসঙ্গে চলবে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানান।
দণ্ডিত সাইদুর রহমান ওরফে নান্নু খান বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের মো. তালেব আলী খানের ছেলে। রায় ঘোষণার সময় নান্নু আদালতে উপস্থিত ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকউটর (পিপি) এ্যাডভোকেট গিয়াসউদ্দিন কাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালের ১৯ অক্টোবর র্যাব পশ্চিম নারায়ণপুর বাজার থেকে নান্নু খান, জালিস মাহমুদ ও মিজানকে আটক করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নান্নু খানের বাড়ি থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান এবং বাড়ির পাশের বাগান থেকে দেশে তৈরি দুইটি বন্দুক, একটি কাটা বন্দুক, চারটি কর্তুজ, একটি রাইফেলের গুলি এবং ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এই ঘটনায় উজিরপুর থানায় র্যাবের ডিএডি গোলাম সরোয়ার বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।
এই তিনজনের বিরুদ্ধেই অভিযাগপত্র দেওয়া হলেও অপর দু’জন বিচারে খালাস পান।
গিয়াসউদ্দিন কাবুল বলেন, দুই সাজা এসঙ্গে চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24