ঝিনাইদহ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপায় নতুন গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুই ইউনিয়নের বিরোধে সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তমালতলা ও সিদ্ধি আমতলায় বুধবার সকাল ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি করা হলেও আগের জায়গায় হাট বসেছে।
শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার আজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিশ্চিন্তপুর বৈধ গরুর হাটের এক কিলোমিটারের মধ্যে আরেকটি গরুর হাট অননুমোদিতভাবে বসানোর চেষ্টা করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি।
ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা জানান, বেনীপুর হাই স্কুলের ছেলেদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে কয়েকদিন আগে মারামারি হয়। এতে খুরের আঘাতে দিগনগর ইউনিয়নের বাসিন্দা রানা ও সুলতান নামের দুজন ছাত্র আহত হয়।
এরই জের ধরে দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান নিশ্চিন্তপুর গরুর হাট ভেঙে দেওয়ার জন্য এক কিলোমিটারের মধ্যে সিদ্ধি আমতলায় একই দিনে আরেকটি গরুর হাট বসানোর উদ্যোগ নেয়। পরে বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।
অবশ্য দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, নিশ্চিন্তপুর হাটে আসা গরু ব্যবসায়ীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। সে কারণে সিদ্ধি গ্রামের আমতলায় পশুহাট বসানোর উদ্যোগ নেয় স্থানীয় লোকজন।
বিডিনিউজ টোয়েন্টিএফার ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮০৪ ঘ.
bdnews24