ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে রাস্তার জমি প্লট হিসেবে নেওয়ায় চারদলীয় জোট সরকারের দুই প্রতিমন্ত্রীকে তলব করেছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম ও জিয়াউল হক জিয়াকে আগামী ১৬ মে আদালতে হাজির হতে হবে।
ওই দিন কামরুলের স্ত্রী নাজমা ইসলাম এবং জিয়াউল হকের ছেলে জয়কেও আদালতে হাজির থাকতে বলা হয়েছে। জয় ও নাজমার নামে জমি বরাদ্দ নেন কামরুল ও জিয়া।
এছাড়া ওই জমি বরাদ্দ দেওয়ায় রাজউকের চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকেও একই দিন তলব করেছে আদালত।
একই সঙ্গে এই শুনানিতে সহায়তা করতে বুয়েটের নগর ও স্থাপত্য বিভাগের চেয়ারম্যান এবং দৈনিক সমকালের সহযোগী সম্পাদক আবু সাঈদ খানকে আগামী ১৬ মে আদালতে হাজির হতে আহ্বান করেছে আদালত।
একই সঙ্গে এই শুনানিতে সহায়তা করতে বুয়েটের নগর ও স্থাপত্য বিভাগের চেয়ারম্যান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক আবু সাঈদ খান এবং তেজগাঁও এলাকার নকশা প্রণয়নের দায়িত্বে থাকা স্থাপত্য অধিদপ্তরের উপপ্রধান স্থপতি আবুল হাসনাত ফুয়াদকে আগামী ১৬ মে আদালতে হাজির হতে আহ্বান করেছে আদালত।
২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ‘রাস্তাকে প্লট বানিয়ে ভাগাভাগি’ শিরোনামের একটি প্রতিবেদন, একই বছর ২৩ মার্চ দৈনিক সমকালে প্রকাশিত ‘সড়ক প্রকল্প রাতারাতি হয়ে গেল শিল্প প্লট’ শিরোনামের আরেকটি প্রতিবেদন এবং সমকালে প্রকাশিত আবু সাঈদ খানের একটি নিবন্ধ বিবেচনায় নিয়ে এই আদেশ দেয় আদালত।
হাই কোর্ট হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে বরাদ্দ দেওয়া রাস্তা এবং নকশা বহির্ভূত প্লটের পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশও দিয়েছে।
এছাড়া নামমাত্র দামে প্লট বিক্রির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকে তার কারণ দর্শাতে বলেছে।
একইসঙ্গে নকশা বহির্ভূতভাবে রাস্তার জমি প্লট হিসাবে বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, দুই সপ্তাহের মধ্যে তা জানাতে হবে রাজউককে।
ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান সাংবাদিকদের বলেন, ঢাকা শহরের আর কোন কোন রাস্তার জমি এভাবে বরাদ্দ দেওয়া হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত।
ইয়াদিয়া জামান সংবাদপত্রের দুটি প্রতিবেদন ও নিবন্ধটি আদালতে উপস্থাপন করলে আদালত তা দেখে ওই সব আদেশ দেয়।
কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়, তেজগাঁও শিল্প এলাকার ৬০ ফুট চওড়া রাস্তাকে শিল্পপ্লট বানানোর পর প্রতিকাঠা দেড় লাখ টাকা দরে বরাদ্দ দেওয়া হয়, যার প্রতি কাঠার বাজারমূল্য কমপক্ষে এক কোটি টাকা।
২০০৬ সালে ১০ কাঠা আয়তনের একটি প্লট তৎকালীন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং সোয়া বিঘা আয়তনের দুটি প্লট তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বরাদ্দ পান বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, এক বিঘা আয়তনের একটি প্লট বর্তমান ক্ষমতাসীন মহাজোটের শরিক একটি বামপন্থী দলের এক সংসদ সদস্য বরাদ্দ চেয়ে পূর্ত মন্ত্রণালয়ে সম্প্রতি আবেদন করেছেন।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯২৩ ঘ.
bdnews24