২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ

গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় দুঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 06:19 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় দুঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় তর্কের জের ধরে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাঁধে। তারপরই শিক্ষার্থীরা পাশের জোড় আমতলা এলাকায় সড়ক অবরোধ করে। কুমিরা এলাকাতেই বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। মহাসড়ক পুলিশের বারআউলিয়া থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় ‘ভাই ভাই হোটেলে’ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র খেতে যায়। এসময় খাবার নিয়ে এক বয়ের সঙ্গে শিক্ষার্থীদের তর্ক বাঁধে। পরে একপর্যায়ে শিক্ষার্থীরা রেস্তোরাঁর ওই বয় ও ব্যবস্থাপককে মারধর করে এবং টেবিল-চেয়ার ভাংচুর করে। তখন রেস্তোরাঁর মালিক এলাকার লোকজনকে ডাক দেয়, পাশাপাশি শিক্ষার্থীরাও ক্যাম্পাস থেকে সহপাঠীদের ডেকে আনে। শুরু হয়ে যায় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। ওসি জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিক্ষার্থীরা কুমিরা এলাকা থেকে জোড়া আমতল এলাকায় এসে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় দু’পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় প্রায় ১০-১৫টি যানবাহনের কাচ ভাংচুর করে শিক্ষার্থীরা। উভয়পক্ষের ২০-২৫ জন আহত হয়। অবরোধের কারণে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সোয়া ৮টার দিকে যান চলাচল শুরু হয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/০০০০ ঘ.