ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সরকারি বাঙলা কলেজের জমি দখলের অভিযোগে ক্ষমতাসীন দলের নেতা ও ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হককে তলব করেছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। আগামী ১৬ মে এই সাংসদকে আদালতে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে।
এই আদেশের পাশাপাশি একটি রুলও জারি করেছে আদালত। আসলামের অবৈধ দখলে থাকা সরকারি বাঙলা কলেজের জমি রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই জমি পুনরুদ্ধারের নির্দেশনা কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে।
স্বরাষ্ট্র সচিব, ভূমি সচিব, শিক্ষা সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আসলামুল হক, বাংলা কলেজের অধ্যক্ষ ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
এছাড়া ঢাকা জেলা প্রশাসককে দেওয়া এক নির্দেশনায় আদালত বলেছে, একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ওই জমিতে জরিপ চালাতে হবে। জরিপ শেষে ১৬ মের মধ্যে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দিতে হবে।
গত ৫ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘বাঙলা কলেজের চার বিঘা জমি এমপি আসলামের দখলে’ শীরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বুধবার একটি রিট আবেদন করে।
ওই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ নেতা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের প্রায় চার বিঘা জমি নিজ কোম্পানি মায়িশা গ্রুপর নামে দখলে নিয়েছেন। ব্যক্তিমালিকানাধীন কিছু জমির সঙ্গে কলেজের জমি মিশিয়ে ইতোমধ্যে মায়িশা গ্রুপের সাইনবোর্ডও লাগানো হয়েছে।
“অভিযোগ পাওয়া গেছে, কলেজের অধ্যক্ষ ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এই দখলে সহযোগিতা করছেন”, বলা হয়েছে প্রতিবেদনে।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৫০ ঘ.
bdnews24