রুবাইয়াৎ আহমেদ
লন্ডন থেকে
লন্ডন, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনের গ্লোব থিয়েটার বা শেকসপিয়ার গ্লোবে প্রথম বারের মতো মঞ্চায়িত হলো বাংলা ভাষায় কোনো নাটক।
শেকসপিয়ারের ‘দ্য টেম্পেস্ট’র প্রথম মঞ্চায়নেই সোমবার ব্যাপক সাড়া ফেলে। প্রবাসী বাঙালিদের পাশাপাশি প্রচুর বিদেশিও উপভোগ করেন ঢাকা থিয়েটারের এই পরিবেশনা।
গ্লোবের মঞ্চে বাংলা ভাষার নাটক দেখে প্রবাসী অনেকেই অভিভূত হন। নাটক শেষে যখন মঞ্চশিল্পীরা জাতীয় পতাকা তুলে ধরেন, তখন অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
প্রবাসী এক বাঙালি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “১৯৯৯ সালে এই দেশে যখন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল, তখন এত খুশি হয়েছিলাম।”
বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে প্রথমটির পর শেকসপিয়ারের এই নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হয় মঙ্গলবার রাতে।
রুবাইয়াৎ আহমেদ অনূদিত শেকসপিয়ারের এই নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শিমূল ইউসুফ, শহীদুজ্জামান সেলিম, কামাল বায়েজীদ, খাইরুল ইসলাম পাখি, এশা ইউসুফ, সাজ্জাদ রাজীব, রফিকুল ইসলাম, সামিউন জাহান দোলা, রুবাইয়াৎ আহমেদ, নীলমনি সিনহা ও বিধান সিনহা।
অলিম্পিককে কেন্দ্র করে বিশ্ব শেকসপিয়র উৎসব চলছে লন্ডনে। এরই অংশ হিসেবে ৩৭টি নাট্যদল ৩৭টি ভাষায় শেকসপিয়রের ৩৭টি নাটক মঞ্চায়ন করছে।
এতে বাংলা ভাষায় মঞ্চায়নের জন্য নির্বাচত হয় ঢাকা থিয়েটারের ‘দ্য টেম্পেস্ট’। প্রায় আট মাসের প্রস্তুতি শেষে ঢাকা থিয়েটার গ্লোবে এসেছে নাটক নিয়ে।
টেমস নদীর তীরে এলিজাবেথ যুগের গ্লোব থিয়েটার পুনর্র্নিমাণের পর তার নতুন নামকরণ হয় ‘শেকসপিয়ার গ্লোব’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/২২৫২ ঘ.
bdnews24