২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র‘আটক করায় ক্ষেপেছিল এনএসআই’

সিইউএফএল জেটিঘাটে অস্ত্র খালাসের খবর পেয়ে গেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কয়েকজন সদস্য তা আটক না করতে চাপ দেয় বলে এই মামলার সাক্ষী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

চট্টগ্রাম, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র চালান খালাসের খবর পেয়ে সেখানে গেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কয়েকজন সদস্য তা আটক না করতে চাপ দেয় বলে এই মামলার সাক্ষী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন উপ-কমিশনার আব্দুল্লাহ হেল বাকী মঙ্গলবার এই মামলার দশম সাক্ষী হিসেবে আদালতে এই সাক্ষ্য দেন। বাকী জানান, সিইউএফএল জেটিঘাটে অস্ত্র খালাসের সময় তৎকালীন উপ-পরিচালক মেজর লিয়াকত হোসেনসহ এনএসআই’র ছয় সদস্য উপস্থিত ছিলেন। তবে পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। তিনি বলেন, “অস্ত্র চালান আটকের পর সিইউএফএল ঘাটের পূর্ব-উত্তর কোণে কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির তৎকালীন সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালের সঙ্গে মেজর লিয়াকত ও আরো পাঁচজন আমার কাছে আসেন। “মেজর লিয়াকত আমাকে বলেন, ‘আপনারা এগুলো আটকাচ্ছেন কেন। এ ব্যাপারে ডিজি (এনএসআই’র) ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম অবগত আছেন’। এরপর তিনি মোবাইল ফোন আমার দিকে এগিয়ে দিয়ে ডিজি’র সঙ্গে কথা বলতে বলেন।” কথা বলতে না চাওয়ায় লিয়াকতসহ আরো পাঁচ এনএসআই সদস্য উত্তেজিত হয়ে পড়েন বলে দাবি করেন বাকী, যিনি বর্তমানে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ১০ ট্রাক অস্ত্র আটকের এই মামলায় এনএসআই’র সাবেক প্রধান রহিমের পাশাপাশি আরেক সাবেক প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরীও আসামি। পুলিশ কর্মকর্তা বাকী বলেন, “এনএসআইয়ের ওই ঘটনা তৎকালীন পুলিশ কমিশনার সাব্বির আলীকে জানালে তিনি সুনির্দিষ্ট এভিডেন্স ছাড়া তাদের সঙ্গে বিরোধে না জড়াতে পরামর্শ দেন।” মঙ্গলবার দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন বাকী। তার সাক্ষ্য শেষে লিয়াকতের আইনজীবী মো. আহসান জেরা শুরু করেন। পরে বিচারক আগামী ২১ মে পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। ওইদিন আসামিপক্ষের আইনজীবীরা আব্দুল্লাহ হেল বাকীকে জেরা করবেন। সাক্ষ্যে বাকী বলেন, “ঘটনার তদন্তে এনএসআই’র কর্মকর্তাদের সম্পৃক্ততা বেরিয়ে আসবে চিন্তা করে সেসময় এনএসআইয়ের ছয়জনকে গ্রেপ্তার করিনি। তাদের গ্রেপ্তার না করতে মেজর লিয়াকত আমাদের চাপও দেন।” ২০০৪ সালের ১ এপ্রিল মধ্য রাতে সিইউএফএল জেটি ঘাটে অস্ত্রের চালান আটককালীন সময়ে এনএসআই’র ডিজি আবদুর রহিম ও উপ-পরিচালক মেজর লিয়াকত এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মেজর লিয়াকতের বিরুদ্ধে অস্ত্র আটকের সময় সিইউএফএল জেটি ঘাটে উপস্থিত থেকে তা তদারক করার অভিযোগ রয়েছে। তৎকালীন দুই সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল এ মামলার অধিকতর তদন্ত চলাকালীন টিআই প্যারেডের মাধ্যমে লিয়াকতকে সনাক্ত করেছিলেন। এ ছাড়া মঙ্গলবার আদালতে পুলিশ কর্মকর্তা বাকী আসামি লিয়াকতকে সনাক্ত করেন। বাকী বলেন, “ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে এনএসআই কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি জানালেও তারা এ বক্তব্য গ্রহণ করেননি।” শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ওই ঘাটে অস্ত্র আটকের ঘটনায় তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও আসামি করা হয়। নিজামী-বাবরসহ ১০ আসামিকে সাক্ষ্যগ্রহণের সময় মঙ্গলবার আদালতে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/২১০৪ ঘ.