২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বৈধতা নিয়ে রিট আবেদনে রোববার আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে করা রিট আবেদনে আগামী রোববার আদেশ দেবে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে করা রিট আবেদনে আগামী রোববার আদেশ দেবে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ শুনানি শেষে আদেশের দিন ঠিক করে। চট্টগ্রামের আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরীর ‘জনস্বার্থে’ করা এই আবেদনে শুনানি করেন টি এইচ খান। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বর্তমান সরকারের সময়ে সংশোধনের পর আদালত গঠন করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়, যাতে ইতোমধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা অভিযুক্ত হয়েছেন। টি এইচ খান শুনানিতে বলেন, ২০০৯ সালের ১৪ জুলাই সংশোধনীতে ‘ব্যক্তি ও ব্যক্তিবর্গ’ শব্দ দুটো যোগ করা হয়েছে। পূর্বে তিন ধরনের (সশস্ত্র, প্রতিরক্ষা, সহযোগী) বাহিনীর সদস্যদের বিচার করা যেত। সংশোধনীর ফলে দেশের ১৬ কোটি মানুষকে এই আইনের অধীনে বিচার করা সম্ভব। “এর কারণে ১৬ কোটি মানুষের মৌলিক অধিকার খর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে,” বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “এ বিষয়টির সুরাহা এরই মধ্যে হয়ে গেছে। হাই কোর্ট বিভাগ এই বিষয়ে চারটি রায় দিয়েছে। নতুন করে এই ইস্যু আদালতে আনার সুযোগ নেই।” আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, এটা করা হয়েছে এই জন্য যে যদি কোনো ব্যক্তি স্বাধীনতা যুদ্ধ চলাকালে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ করে, তাকেও যেন এই আইনের আওতায় বিচার করা যায়। রিট আবেদনের অন্য উদ্দেশ্য রয়েছে দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, “সংবিধানের প্রথম সংশোধনীর পর ৪৭ (ক) ধারা অনুসারে এই আইনের অধীনে গৃহীত কোনো কার্যক্রমকে চ্যালেঞ্জ করা যায় না। “এই আইনের অধীনে বিচার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ব্যক্তি বিশেষকে সুবিধা দেওয়ার জন্য এই রিট আবেদন করা হয়েছে।” গত মাসে করা এই আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবকে বিবাদি করা হয়েছে। পাশাপাশি রুলও চাওয়া হয়েছে। বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯২০ ঘ.