বরিশাল, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা।
মঙ্গলবার আনারকলি ওরফে পলির (১২) এপেন্ডিসাইটিস অপারেশন করা হয় সদর হাসপাতালে। এরপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
পলি নগরীর সৈয়দ মমতাজ মজিদুনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ত। পুরান কায়লা ঘাট এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
এদিকে অবহেলায় মৃত্যুর অভিযোগে শিশুটির লাশ নিয়ে নগরীতে বিক্ষোভ করেছে শতাধিক এলাকাবাসী। এক পর্যায়ে হাসপাতালে হামলা করার চেষ্টা করলে র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলির বাবা মোহাম্মদ আলী বলেন, পেটে ব্যথার কারণে গত ১ মে সদর হাসপাতালে পলিকে ভর্তি করা হয়। এপেনডিসাইটিস হয়েছে জানিয়ে তার অস্ত্রোপচারের দিন ঠিক হয় মঙ্গলবার।
তিনি জানান, বিদ্যুত না থাকা অবস্থায় অপারেশন করায় তার মেয়ের মৃত্যু হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী এবং ছাত্রীর স্বজনরা নগরীতে বিক্ষোভ মিছিল করে। পরে তারা লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে পলির পরিবার।
বরিশাল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) একেএম সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপারেশন থিয়াটারে (ওটি) হৃদযন্ত্রে সমস্যা হওয়ায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।
এরপর দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপারেশনের সময় বিদ্যুত চলে যাবার কথা স্বীকার করেন ডা. শামসুদ্দিন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রনবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যখন নিয়ে আসা হয় তখন শিশুটি মৃত ছিল।
বরিশাল শের-ই বাংলা হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনিল চন্দ্র দত্ত বলেন, বুধবার এ ঘটনা তদন্তে একটি বিভাগীয় টিম গঠন করা হবে।
এ ব্যাপারে ডা. জিএম নাজিমুল হক ও এ্যনেসথিয়া (অজ্ঞান) চিকিৎসক ডা. মাহবুব-উর- রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০৯ ঘ.
bdnews24