২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ছাত্র ‘গুম’: হাই কোর্টে তলব আইজিপিকে

তদন্তে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তার ব্যাখ্যা দিতে বাহিনীর প্রধানকে ডেকেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাসেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের কোনো সন্ধান না মেলায় এই ঘটনার ব্যাখ্যা দিতে পুলিশ প্রধানকে তলব করেছে আদালত। মঙ্গলবার তলবের আদেশ দেওয়ার পাশাপাশি হাই কোর্ট এই ঘটনা তদন্তে পুলিশের ভূমিকায় অসন্তোষও প্রকাশ করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের ওই দুই নেতা গত ৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। অভিযোগ রয়েছে, ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে সাভারের নবীনগরে বাস থেকে র‌্যাব পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। একটি রিট আবেদনে বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ আগামী ১৬ মে সকাল সাড়ে ১০টায় আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে হাজির হতে বলা হয়েছে। নিখোঁজরা হলেন- শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক, আল ফিকহ বিভাগের ছাত্র আল মোকাদ্দাস এবং অর্থ সম্পাদক, দাওয়াহ বিভাগের ছাত্র ওয়ালী উল্লাহ। তাদের ‘গুম’ করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে টানা চার দিন কুষ্টিয়ার ওই বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটও ডাকা হয়। তাদের সন্ধানে রিট আবেদন হলে গত ১৫ ফেব্রুয়ারি আদালত রুল জারি করে। শুনানির এক পর্যায়ে আদালত ওই ঘটনা তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে তলব করে। কেস ডায়েরিসহ গত ২৬ এপ্রিল হাজিরও হয়েছিলেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার দেওয়া হাই কোর্টের লিখিত আদেশে বলা হয়, কেস ডাইরি থেকে তদন্ত সম্পর্কে তাৎপর্যপূর্ণ কিছু পাওয়া যায়নি। “রিট আবেদনের শুনানিকালে এটা উঠে এসেছে যে র‌্যাব ধরে নিয়ে যাওয়ার আগে (অভিযোগ অনুসারে) আটক ব্যক্তিরা সেলফোনে কিছু লোকের সঙ্গে কথা বলেছেন। যথাযথভাবে বিচারের জন্য তারা কাদের সঙ্গে কথা বলেছেন, তার তালিকা, ঠিকানা আদালতে হাজির করার জন্য মোবাইল ফোন কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়। ‘কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তদন্ত কর্মকর্তা তাদেরকে যাচাই করেনি এবং কী বিষয়ে তারা কথা বলেছেন, তাও জানার চেষ্টা করেননি।” হাই কোর্ট বলেছে, “অভিযোগে বলা হয়েছে, ওই দুই ব্যক্তিকে র‌্যাব আটক করে রেখেছে। আমরা তদন্ত কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি তাদের উদ্ধারে র‌্যাব ক্যাম্পে গিয়েছিলেন কি না। তখন তদন্ত কর্মকর্তা নিশ্চুপ ছিল। তদন্তের অগ্রগতি শোচনীয়।” “এই পরিস্থিতিতে তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি পরিপূর্ণভাবে জানার জন্য আইজিপিকে এখানে হাজির হওয়া প্রয়োজন,” বলা হয় আদেশে। আদালতের রিট আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাংগীর শুনানি করেন। গত ২ মে শুনানির পর আদালতে জানায়, পরে আদেশ দেওয়া হবে। রাশেদ জাহাংগীর বলেন, “আজ বিচারপতিরা ওই আদেশে স্বাক্ষর করেছেন। তাদের আদেশে আইজিপিকে আগামী ১৬ মে আদালতে হাজির হতে বলা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮২০ ঘ.