২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র ‘এনএসআই কর্মকর্তাদের কৈফিয়তও দিতে হয়নি’

সাক্ষীর বক্তব্য গোয়েন্দা সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্টতার প্রমাণ, বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্রের চালানের বিষয়ে এনএসআইয়ের চট্টগ্রামের কর্মরতরা আগাম কোনো তথ্য দিতে না পারলেও এজন্য তাদের কাছে কোনো কৈফিয়ত চাওয়া হয়নি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী আলোচিত সোমবার মামলায় সাক্ষ্যে আদালতে একথা বলেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন আলী চৌধুরী। এনএসআই কর্মকর্তা বলেন, “এ ঘটনার ব্যাপারে আমরা আগাম কোনো তথ্য দিতে পারিনি। এই ব্যর্থতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো কৈফিয়ত তলব করেনি। কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি।” ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল-এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনার সময় আলী চৌধুরী এনএসআইয়ের তৎকালীন উপপরিচালক জহির শাহ’র অধীনে কর্মরত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, “মোহাম্মদ আলী চৌধুরীর বক্তব্যের মধ্যে দিয়ে এ ঘটনার সঙ্গে সেই সময়ের এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়।” আলী চৌধুরীর সাক্ষ্যের আগে ডিজিএফআই’র চট্টগ্রামের তৎকালীন ডিটাচমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কে এম রেজাউর রহমানকে জেরা করেন আসামিপক্ষের দুই আইনজীবী। আলী চৌধুরী এই মামলায় নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তার সাক্ষ্যগ্রহণের পর বিচারক মঙ্গলবার সকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মঙ্গলবার তৎকালীন সিএমপি কমিশনার সাব্বির আলী, উপ-কমিশনার (বন্দর) আবদুল্লাহ হেল বাকী সাক্ষ্য দিতে পারেন। মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবারসহ মামলার ১০ আসামিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সোমবার আদালতে হাজির করানো হয়। তবে অসুস্থ থাকায় সিইউএফএলের সাবেক জিএম (প্রশাসন) এনামুল হককে আদালতে আনা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৩৩ ঘ.