কুমিল্লা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার লাকসামে লাইনচ্যুত ট্রেনটি লাইনে উঠানোর পর সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
এতে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে বলে জানান কুমিল্লার সহকারী স্টেশন মাস্টার শফিকুল ইসলাম।
সোমবার বিকাল ৫টার কিছু পরে লাকসাম ও আলীশহর স্টেশনের মাঝামাঝি ফয়েজগঞ্জ এলাকায় ‘চট্টলা এক্সপ্রেস’র একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হলে দুটি রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
কুমিল্লার সহকারী স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছিল। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করে। রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান সহকারী স্টেশন মাস্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১২ ঘ.
bdnews24