২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীর ছয় কোটি টাকা আত্মসাত

নারায়ণগঞ্জের টানবাজারের সুতা ব্যবসায়ীদের প্রায় ছয় কোটি টাকা আত্মসাৎ করে এক ব্যক্তির পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নারায়ণগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের টানবাজারের সুতা ব্যবসায়ীদের প্রায় ছয় কোটি টাকা আত্মসাৎ করে এক ব্যক্তির পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শ্যামল কুমার দে নামের এই সুতা ব্যবসায়ী টানবাজারের ভাই ভাই ট্রেডিংয়ের মালিক। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়। রোববার এ অভিযোগে অলিউর রহমান আলী, মজিবর রহমানসহ কয়েকজন সুতা ব্যবসায়ী বাদী হয়ে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে টানবাজার এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে সুতার ব্যবসা শুরু করেন শ্যামল কুমার দে। এরপর টানবাজারসহ বিভিন্ন এলাকার সুতা ব্যবসায়ীদের অধিক লাভ দেওয়ার কথা বলে প্রায় ছয় কোটি টাকা সংগ্রহ করেন। এর কয়েকদিন পর থেকেই তাকে আর দেখা যাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন অলিউর রহমান আলী (এক কোটি পাঁচ লাখ), বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম সোলায়মান (২০ লাখ), এই অ্যাসোসিয়েশনের পরিচালক মজিবর রহমান (১৮ লাখ ৪০ হাজার), রাম রতন সাহা (১৮ লাখ), শরৎ কুমার সাহা (৫০ লাখ) এবং বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রবীর সাহা (পাঁচ লাখ টাকা)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া মফস্বল এলাকার কিছু ব্যবসায়ীকে সুতা দেওয়ার কথা বলেও তিনি কয়েক কোটি নগদ টাকাও হাতিয়ে নিয়েছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। ওসি আরো বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতারণার শিকার সুতা ব্যবসায়ীরা অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। গ্রামের বাড়িতে লোক পাঠিয়েও শ্যামলকে পাওয়া যায়নি। বাড়িতে তার স্ত্রী রয়েছেন। শ্যামল ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন ওই ব্যবসায়ীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৯২৫ ঘ.