ঝালকাঠী, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোর তাড়া করতে গিয়ে ঝালকাঠীর রাজাপুর উপজেলার নলবুনিয়া গ্রামে রোববার ছুরিকাঘাতে একব্যক্তি নিহত হয়েছেন।
নিহত কৃষক মো. মতিন (৪৫) পাশের জেলা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নতুন নলবুনিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী মো. জামাল হাওলাদার ওরফে ছোট্ট (২৫) নামে এ ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে। ছোট্ট নলবুনিয়া গ্রামের চৌকিদার ফজলুল হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝালকাঠীর সীমান্ত সংলগ্ন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নতুন নলবুনিয়া গ্রামে মো. মতিনের বাড়িতে চুরি করতে যায় ছোট্ট।
টের পেয়ে মতিন চোরকে ধাওয়া করেন। তাড়া করে ঝালকাঠীর রাজাপুরের নলবুনিয়া গ্রামে পৌঁছালে ছোট্ট গৃহকর্তা মতিনকে ছুরিকাঘাত করে।
হাসপাতালে নেওয়া পথে মতিনের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই শহীদুল ইসলাম রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪১ ঘ.
bdnews24