২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিথ্যা মামলার পর বিচারের পথও রোধ’

এভাবে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংসদ মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দায়ের’ এবং আদালতে যাওয়ার ‘পথ রুদ্ধ করে’ সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি সংসদীয় দল। রোববার বিএনপির সংসদীয় দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকার বিরোধী দলের নেতা-কর্মী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিচ্ছে। আবার বিচার চাইতে সর্বোচ্চ আদালতেও যেতে দিচ্ছে না। পুলিশ দিয়ে আদালত প্রাঙ্গণ ‘অবরুদ্ধ’ করে রাখছে। “এভাবে বিচারের পথ বন্ধ করে রেখে সরকার দেশকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে”, বলেন তিনি। এর পরিণতি শুভ হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেন মওদুদ। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মওদুদ দাবি করেন, গত ২৯ এপ্রিল হরতালের সময় বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর অভিযোগে শাহবাগ ও তেজগাঁও থানায় দায়ের করা দুটি মামলাই ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট’। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছয় সংসদ সদস্য এবং সমমনা কয়েকটি দলের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে এ দুটি মামলায়। মওদুদ দাবি করেন, বিএনপির সাংসদ এমকে আনোয়ার, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, রেহানা আক্তার রানু, ও নিলোফার চৌধুরী মনি ২৯ এপ্রিল ঢাকাতেই ছিলেন না। এলডিপি সভাপতি অলি আহমদ ওইদিন কক্সবাজারে ছিলেন। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থও ঢাকায় ছিলেন না সেদিন। “তাদের আদালতে যাওয়ার পথ পুলিশ-র‌্যাব দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ফলে জামিন চাইতে তারা কেউ আদালতে উপস্থিত হতে পারছেন না। সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার সংসদের মান মর্যাদা ক্ষন্ন করেছে।” এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, মামলার পর স্পিকার এই আট সংসদ সদস্যকে ‘প্রোটেকশন’ দেবেন বলে তিনি আশা করেছিলেন। কিন্তু স্পিকার তা না করায় তারা হতাশ হয়েছেন। বিষয়টি স্পিকারকে জানানো হয়েছিল কি না- এ প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিষয়ে এর আগে স্পিকারের কাছে গিয়ে সহযোগিতা না পাওয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট খুললে নেতাদের জামিনের ব্যাপারে ‘অবস্থা বুঝে’ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সাবেক আইন মন্ত্রী মওদুদ। অন্যদের মধ্যে সাংসদ মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, জয়নুল আবেদীন, আবুল খায়ের ভূঁইয়া,আশরাফ উদ্দিন নিজান, নজরুল ইসলাম মঞ্জু, আমজাদ হোসেন, নাজিম আহমেদ, জেডআই মোস্তফা আলী মুকুল, হারুন অর রশিদ, গোলাম মোস্তফা, রোমানা মাহমুদ ও জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬০১ ঘ.