২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সংবাদকর্মীদের ওপর হামলা

যশোরের অভয়নগরে হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা রেখেছে বলে তারা অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

যশোর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের অভয়নগরে হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা রেখেছে বলে তারা অভিযোগ করেছে। গত শুক্রবার রাতে অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিবিএ নেতা রফিকুল ইসলাম নওয়াপাড়া শহরের তার বাড়ির সামনে অজ্ঞাত সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। এর প্রতিবাদে অভয়নগরে রোববার হরতাল ডাকে বিএনপি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত সাংবাদিক ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নওয়াপাড়া বাজারে পুলিশের উপস্থিতিতে বিএনপির একটি মিছিলের ওপর দেশীয় এক দল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। সাংবাদিকেরা ছবি তুলতে গেলে তাদের ওপরও হামলা হয়। তারা দায়িত্বরত কয়েকজন সাংবাদিক ও ক্যামেরাম্যানকে মারধর করে এবং একটি ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে তারা ক্যামেরা ফেরত দিলেও ভিডিও ক্যাসেটটি রেখে দেয় বলে অভিযোগ করেছে সাংবাদিকরা। হামলার সময় উপস্থিত পুলিশের এএসপি আবুল কালাম আজাদ ও অভয়নগর থানার ওসি আহসান হাবিব সন্ত্রাসীদের বাধা দেয়নি বলে অভিযোগ করেন ফরহাদসহ অন্য সাংবাদিকেরা। সাংবাদিকদের অভিযোগ নাকচ করে ওসি আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যদি প্রটেকশন না দিতাম তাহলে পরিস্থিতি আরো খারপ হতে পারতো। তবে তারা সাংবাদিক, না মিছিলকারী তা আমরা প্রথমে বুঝতে পারিনি।” সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেলা ১২টার দিকে সাংবাদিকরা যশোর প্রেস ক্লাব ও দু’টি সাংবাদিক ইউনিয়ন থেকে মিছিল করে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে যান। তারা এসপি আহসান কবিরের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় এসপি আহসান সাংবাদিকদের বলেন, “অভিযোগ দেন, আমি পদক্ষেপ নেব।” হামলাকারীদের আটক করা হয়নি কেন জানতে চান উপস্থিত সাংবাদিকরা। তবে এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি এসপি আহসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩২৪ ঘ.